
অনলাইন নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় তারেক রহমানকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তিনি জুতা খুলে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন। উপস্থিত সবাইকে তিনি সেই মাটি স্পর্শ করান।
এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বরণ করেন ঢাকায় থাকা পরিবারের সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
এরপর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি বিমানবন্দরের বাইরে ফুল বাগানে গিয়ে জুতা খুলে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।