
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন জেলাবাসী। রবিবার জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে সোনামসজিদ সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞাসহ অন্যান্য মুক্তিযেদ্ধা, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অন্যরা।
পরে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ অন্যরা।
এছাড়াও বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের আরবি বিভাগের শিক্ষক হাবিবুল্লাহ, সাংবাদিক ফয়সাল আজম অপু।
আলোচনা সভায় বক্তারা বলেন— জাতিকে মেধাশূন্য করার জন্যই পাকিস্তানি হানাদার বাহিনী বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা জানত, বাঙালিকে মেধাশূন্য করা গেলে ভবিষ্যতে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে কখনই দাঁড়াতে পারবে না। তাই যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মানুষ জাতির এই সূর্যসন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পরামর্শ প্রদান করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।
এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর হাতে নিহত পাবনা ও সিরাজগঞ্জ জেলার তিন বীর কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক এবং সিরাজুল ইসলামের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
সকাল ৯টায় নাচোল থানা চত্বরে অবস্থিত এই তিন শহীদের কবরস্থানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই বীরদের প্রতি সম্মান জানাতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে— উপজেলা প্রশাসন, নাচোল থানা পুলিশ, নাচোল মহিলা কলেজ।
পুষ্পস্তবক অর্পণের পর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান এবং নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ।
আলোচনা শেষে, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ভোরে রহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমাসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। বক্তব্য দেন— সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাইজুল ইসলাম সোনার্দী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আহারাম আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আফসার আলীসহ অন্যরা।