
বিডি ঢাকা ডেস্ক
রাজশাহী নগরীতে বিএসটিআই’র লাইসেন্স ও গুণগত মানসনদ ছাড়া বেকারি পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী।
অভিযানে দেখা যায়, বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।