
অনলাইন নিউজ: মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার (১৫ মার্চ) বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে দেশটিতে নেওয়া হবে।
ব্যক্তিগত সচিব জানান, রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। মির্জা আব্বাসের সাথে সফরসঙ্গী হিসেবে যাবেন তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাঁদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং তার প্রতিবেদন সন্তোষজনক এসেছে। তবে পূর্ণ সুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে দেশের বাইরে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত শুক্রবার (১৩ মার্চ) দুই দফায় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
এর আগে শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।