
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে বহনকালে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানায়।
র্যাব আরো জানায়, গত বুধবার র্যাবের একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য ক্যাম্প থেকে বের হয়। এসময় গোপন তথ্যের ভিত্তিতে দলটি জানতে পারে, দুজন ব্যক্তি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে হবিগঞ্জ জেলা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্রির উদ্দেশ্যে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে সেটি তল্লাশি করে হবিগঞ্জ জেলা সদরের উসাইল মহল্লার মৃত মধু মিয়ার ছেলে আহাম্মদ আলী (২৬)কে গ্রেপ্তার করা হয় এবং প্রাইভেটকারে অভিনব কায়দায় রক্ষিত ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার আহাম্মদ ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।