
চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডিগ্রি কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি নির্মাণস্থল ও আশপাশের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, শিবগঞ্জ পৌরসভার মধ্যে শিবগঞ্জ ডিগ্রি কলেজ একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। ভবিষ্যতে এই কলেজে অনার্সসহ নতুন নতুন বিষয় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. জাফর আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ আলীসহ কলেজের অন্য শিক্ষকবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা, নতুন অ্যাকাডেমিক ভবন নির্মিত হলে কলেজে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণীকক্ষ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার মান আরো উন্নত হবে।