
বিডি ঢাকা ডেস্ক
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার ৯৯ জন গরিব ও অসহায় মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার ১১ জুলাই দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি’র সহযোগিতায় Economic Empowerment Project এর আওতায় এ সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে দুর্গাপুর উপজেলার ৪৫ জন এবং পুঠিয়া উপজেলার ৫৪ জন সুবিধাভোগী রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, কাতার চ্যারিটির অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা’র চেয়ারম্যান সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি প্রভাষক নূরুল ইসলাম, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।