
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার লক্ষে সকল প্রধান শিক্ষকের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান|মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নাচোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়|নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মজনু মিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এবং জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব
আলী|এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্য কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন|মতবিনিময়কালে প্রধান অতিথি ড. মিজানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা জরুরি| এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি বিদ্যালয়ের খেলার মাঠ সচল ও উপযুক্ত রাখা প্রয়োজন|বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার হ্রাসে সকলকে একসাথে কাজ করতে হবে|এছাড়াও সভায় সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়|এদিকে, মতবিনিময় সভার আগে বেলা সাড়ে ১১টায় ড. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান| সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী ও চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন|