
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন, সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়|মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন|সভাপতিত্ব করেন নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ|সেমিনারে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুধীজন,
চিকিৎসক, পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন|সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি একটি নিরাময়যোগ্য রোগ| পারিবারিক সহযোগিতা, সামাজিক সহমর্মিতা, সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একজন মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন| তিনি মাদককে সামাজিক ব্যাধি উল্লেখ করে এর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান|বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন| একই সঙ্গে মাদকাসক্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন|অনুষ্ঠানে মাদকবিরোধী সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলকে
মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দেয়| পরে প্রধান অতিথি মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে মাদক পরিহার, সুস্থ জীবন গঠন এবং সমাজের মূলধারায় ফিরে আসার শপথ পাঠ করান|এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ একটি মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়| এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান|অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|