
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদককে লালকার্ড দেখিয়েছেন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এই লালকার্ড দেখান এবং মাদকের বিরুদ্ধে শপথগ্রহণ করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. শফিকুল ইসলাম বাদল, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম
রাব্বানী, বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান ও বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম।এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো. হাবিবুর রহমান হিমেল ও গালিবা মেহজাবীন বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক শুধু নিজেকে নয় একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদক গ্রহণের ফলে ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃত নষ্ট হয়ে যায়। মাদক সেবনে নিজের, পরিবার এবং রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনে না বরং তা সবার জন্য ক্ষতিকর এবং সবাই মাদকসেবীকে ঘৃণার চোখে দেখে, কেউ তাদেরকে সম্মান করে না। কাজেই মাদক ব্যবসায়ীর তথ্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দিয়ে সহযোগিতা করবেন। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে
তুলতে হলে আমদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে।আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।অনুষ্ঠানে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৪ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।