বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না রাখার বিধান রেখে টেলিকমিউনিকেশন অধ্যাদেশ অনুমোদন:উপদেষ্টা পরিষদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না রাখার বিধান রেখে টেলিকমিউনিকেশন অধ্যাদেশ অনুমোদন:উপদেষ্টা পরিষদ
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ : বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশে ভবিষ্যতে দেশে যেন এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না থাকে, সে বিষয়ে স্পষ্ট বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে বিদ্যমান টেলিযোগাযোগ আইনকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। ইন্টারনেট বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা আরও সুসংহত করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সেবার মান নিশ্চিতকরণ এবং প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় বিধান সংযোজন করা হয়েছে।

ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিলুপ্ত করা হবে কি না, সে বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি জানান, সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে সরকার আশা করছে। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি হার ৫ শতাংশে পৌঁছাতে পারে বলেও তিনি জানান।

ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে প্রেস সচিব বলেন, সরকার এ ঘটনায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মূল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার আশপাশের বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে এবং দ্রুত বিচার আইনে মামলার বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ বিষয়ে বিএনপির সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, দলটির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার বিষয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com