
বিডি ঢাকা ডেস্ক
নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে সরকার পরিকল্পিতভাবে বন্দর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে।’ তিনি বলেন, ‘সোনামসজিদ বন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরাতন একটি বন্দর। ভবিষ্যতে এই বন্দর লিংকআপ হতে পারে। সে কারণে বন্দরটি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।’
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সোনামসজিদ বন্দরের পরিধি ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি। বর্তমানে মালামাল আনা-নেয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা ও ইয়ার্ডের অভাব রয়েছে। এজন্য জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণ করা হবে। সোনামসজিদ স্থলবন্দরে ইয়ার্ড নির্মাণের জন্য জমি নির্ধারণ ও জমি অধিগ্রহণের প্রয়োজনীয় পরিকল্পনা নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন— বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে।
এর আগে দুপুরে নৌপরিবহন উপদেষ্টা সোনামসজিদ স্থলবন্দরে এসে পৌঁছালে কাস্টমস কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবা।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, অংশীজনদের সাথে এই মতবিনিময় সভা সফল হওয়ায় খুশি বন্দর সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের দাবিগুলো তিনি গ্রহণ করেছেন এবং দ্রুত দাবিগুলো পূরণে আশ্বাস দিয়েছেন।
বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখায়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউসে শ্রমিকদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এর আগে সকালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করতে উচ্চপর্যায়ে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমোদন জরুরি। তিনি বলেন, সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে, দ্রুতই এ বন্দরের কার্যক্রম শুরু হবে।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআরের অনুমোদন, অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণ অপরিহার্য। এই কার্যক্রমে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় আরো বক্তব্য দেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
পরিদর্শন শেষে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল সরেজমিন ঘুরে দেখেন।