
বিডি ঢাকা ডেস্ক
অভাবের কারণে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে না পেরে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার| তবে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করায় শেষ পর্যন্ত বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন সেই শিক্ষার্থী| চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থীর বাবা পেশায় একজন রাজমিস্ত্রী| দুই মেয়ের সংসারে এই শিক্ষার্থী বড়, আর ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে| আর্থিক সংকটের কারণে এই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ করে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল| বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী তার স্কুলের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষকের কাছে জানান, তিনি বিয়ে করতে চান না, পড়াশোনা চালিয়ে যেতে চান|পরে প্রধান শিক্ষিক বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নজরে আনেন| বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর শিক্ষার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন| পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন|এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, “আমি এখনই বিয়ে করতে চাই না| আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানো| স্যার যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছি|ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক বলেন, “এই শিক্ষার্থী একজন মেধাবী ও পরিশ্রমী| শুধু আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যাক, সেটা তারা কেউ চাননি| বিষয়টি ইউএনও স্যারকে জানানো হলে তিনি দ্রুত সাড়া দিয়েছেন| এতে শুধু এই শিক্ষার্থী নয়, অন্য শিক্ষার্থীরাও উৎসাহ পাবে|শিক্ষার্থীর মা বলেন, “অভাবের সংসারে মেয়ের লেখাপড়ার খরচ চালানো আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল| তাই বিয়ের কথা ভাবতে বাধ্য হয়েছিলাম| ইউএনও স্যার সহযোগিতা করায় এখন মেয়েকে আবার পড়াশোনা করাতে পারব| আমরা তার প্রতি কৃতজ্ঞ|গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, “কোনো শিক্ষার্থীর স্বপ্ন
যেন শুধু দারিদ্র্যের কারণে থেমে না যায়, সেটাই আমাদের চেষ্টা| বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ| প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব| এই শিক্ষার্থীর মতো যে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে প্রশাসন তার পাশে থাকবে|ইউএনওর এই মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছে| স্থানীয়রাও শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন| পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা|