
বিডি ঢাকা ডেস্ক
‘আমি কন্যা, আমি আগামী, আমি সম্ভাবনা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বার্তা (‘রিথিংকিং চাইল্ড ম্যারেজ’) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে জেলাশহরের উদয়ন মোড়ে আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)’র উদ্যোগে, অ্যাকশন এইড বাংলাদেশ’র কারিগরি সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘অ্যাকসেলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারিজ প্রজেক্ট (ফেজ-২)’র আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের সম্ভাবনা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোহাম্মদ সেলিম রেজা ও এই প্রকল্পের ফোকাল পার্সন আনোয়ারা বেগম। এছাড়া অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন নওশিন তাবাসসুম।
উপপরিচালক মোসা. সাহিদা আখতার তার বক্তব্যে বলেন, “এই জেলা বাল্যবিয়ের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। এই সমস্যা প্রতিরোধে আমরা কিশোরী ও মায়েদের সচেতন করছি, কিন্তু পরিবারে যারা সিদ্ধান্ত নেন— সেই বাবাদেরও সচেতন করতে হবে। যারা বিবাহ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত (কাজী, ঘটক, ইমাম), তাদেরকেও সম্পৃক্ত করতে হবে।” তিনি আরো বলেন, “তৃণমূল পর্যায়ের মেয়েদের ক্ষমতায়নের জন্য কর্মমুখী শিক্ষা অত্যন্ত জরুরি, যা তাদের আয়ের সুযোগ তৈরি করবে। পাশাপাশি জন্মনিবন্ধন প্রক্রিয়া কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।”
কর্মশালায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এসেডোসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটিভিত্তিক সংগঠন এবং তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সামাজিক মানসিকতার পরিবর্তন, এবং কমিউনিটি নেতৃত্বাধীন সচেতনতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা জেলার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দলীয় আলোচনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।