
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ শিশুর নিবন্ধনও সম্পন্ন হয়েছে এবং টিকাদান কর্মসূচি চলাকালীনও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়াও টিকা দেয়া যাবে তবে পরবর্তীতে সনদ পাওয়া যাবে না।
কর্মশালায় আরো জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেয়া শুরু হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। তবে ১৮ কার্যদিবসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরের দুই সপ্তাহ বিভিন্ন কমিউনিটিতে গিয়ে টিকা দেয়া যাবে। এই টিকা শিশু-কিশোরদের পরবর্তী ৫ বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন।
বক্তারা ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
দেখা
গোমস্তাপুরে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টাইফয়েড ভ্যাকসিন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিসহ আরো অনেকে।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ও কউিনিটিসহ মোট ৮৬ হাজার ৩২১ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে।