শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

মাছের অভয়াশ্রম সংরক্ষণের তাগিদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‌্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্যচাষীদের সম্মাননা দেয়ার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিবেদক : সোমবার সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। স্চূনা বক্তব্যে জাতীয় ও জেলার মাছ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুন।
আলোচনা সভা থেকে বক্তারা মাছের অভয়াশ্রম সংরক্ষণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন— মাছের অভয়াশ্রমগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। বিশেষ করে, আমাদের ইলিশের অভয়াশ্রম সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাছাড়া ধান উৎপাদন ব্যাহত হয় এমন কোনো জায়গায় মাছ চাষ করা যাবে না। কেননা আমাদের জনসংখ্যার কথা বিবেচনা করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। শুধু খাদ্যসামগ্রী উৎপাদন করলেই হবে না, তা যেন হয় স্বাস্থ্যসম্মত সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশেষ করে মাছের খাবার যেন স্বাস্থ্যসম্মত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
এলিজা খাতুন তার বক্তব্যে জানান, এই জেলায় ৬৩টি বিল আছে, ৬৯টি প্লাবনভূমি যা বর্ষাকালে কয়েক হাজার হেক্টর জলাশয়ে পরিণত হয়, মাছ উপযোগী পুকুর আছে ১০ হাজার ২৪২টি, মৎস্যচাষি রয়েছেন ৫ হাজার ৫৫৪ জন এবং মৎস্যজীবী আছেন ১১ হাজার ৩৫৪ জন। তিনি জানান, মাছ চাষে এই জেলায় কিছুটা ঘাটতি আছে। ২০২৩-২০২৪ অর্থবছরে এই জেলায় মাছের উৎপাদন ছিল ২৩ হাজার ১৭৪ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় ঘাটতি ২ হাজার ৭০৮ মেট্রিক টন।
মৎস্যচাষিদের মধ্যে আকবর হোসেন ও তাশেম আলী মাছ চাষের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে তিনজন মৎস্যচাষিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস এই কর্মসূচির আয়োজন করে।
প্রয়াস : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সকালে জেলা মৎস্য অফিসের কর্মসূচির সঙ্গে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের র‌্যালিতে অংশগ্রহণ করে।
র‌্যালিতে অংশ নেন— প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় র‌্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন— সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ আবদুৎ তোয়াব এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহদাত হোসেন।
আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল মাছচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
এ উপলক্ষে সোমবার সকালে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১০টায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।
আলোচনা শেষে সফল তিন মাছচাষির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, প্রাণিসম্পদ অফিসার ডা. কাওসার আলী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৩ জন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com