শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

রাজশাহীর লোকালয়ে হঠাৎ বন্য হনুমানের বিচরণ, উৎসুক জনতার ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর দুর্গাপুরের গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে এক বিরল প্রজাতির হনুমান। হঠাৎ করে বিরল প্রজাতির বন্য হনুমান লোকালয়ে পড়ায় অনেকেই কলা-পাউরুটি দিচ্ছেন। উৎসুক জনতা ভিড় করে দেখছেন হনুমানের নানান অঙ্গভঙ্গি।

স্থানীয় বন বিভাগের তথ্যমতে এটি ল্যাঙ্গুর প্রজাতির হনুমান। এটি বানর জাতীয় প্রাইমেট হলেও সাধারণ বানরের চেয়ে আলাদা। শরীর লম্বাটে, হাত-পা লম্বা। মুখ কালো এবং ধূসর-সাদা রঙের। বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় এই প্রজাতির হনুমান। কখনো কখনো খাদ্য বা নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বসতিতে চলে আসে।

স্থানীয়দের তথ্যমতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রাচীরের উপরে ঘুরতে দেখা যায় বিরল প্রজাতির এই হনুমানটিকে। হনুমানটির ছুটাছুটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই হনুমানটির ছবি ও ভিডিও ধারণ করছেন। সর্বশেষ শনিবার উপজেলার শালঘরিয়া এলাকায় হনুমানটির বিচরণ দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে প্রাচীরের উপরে হনুমানটির লাফালাফি দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্কও দেখা দিয়েছে। বন্য হনুমানটি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, এলাকায় এমন প্রজাতির হনুমান আগে দেখা যায়নি। হঠাৎ প্রাচীরের উপরে হনুমানের এমন ছুটাছুটি দেখে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। দুর্গাপুর পৌরসভার এক কর্মকর্তা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে প্রাণিসম্পদ বিভাগ বা বন বিভাগকে অবহিত করে হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলার বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মাহবুবুর রহমান বলেন, এ ধরনের বিরল প্রজাতির ল্যাঙ্গুর হনুমান খাবারের সন্ধানে অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে। সাধারণত কলা বা খাদ্যপণ্যবাহী গাড়ির সঙ্গে লোকালয়ে চলে আসে। কেউ বিরক্ত না করলে হনুমানটি আবার তার স্বাভাবিক স্থানে ফিরে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com