
বিডি ঢাকা ডেস্ক
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এ স্লোগানকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে| আলোচনা সভায় বক্তারা গ্রামীণ জনপদে মানুষের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন| প্রতিনিধিদের পাঠানো সংবাদ|
নিজস্ব প্রতিবেদক : সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়|
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়| র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল| তিনি তার বক্তব্যে বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া| তাই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে|
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান| সুফলভোগীদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করেন— আকসার উল আলম ও রহিমা আকতার| অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিআরডিবি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবু হাসান মো. সাঈদ|
আলোচনার আগে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়| শেষে শ্রেষ্ঠ ২ সমবায়ীকে ক্রেস্ট প্রদান এবং সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়|
গোমস্তাপুর : উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মুু. মিজানুর রহমান| সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| সূচনা বক্তব্য দেন— উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম| অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদসহ অন্যরা|
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ&যাপিত হয়েছে| সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র নাচোল শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়|
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ|
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা বক্তব্য দেন|
সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন|
আলোচনা শেষে দুজন উদ্যোক্তাকে ঋণের চেক, দুজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা ক্রেস্ট ও দুজন সুফলভোগীকে গাছের চারা তুলে দেন অতিথিরা|
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটেও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ&যাপিত হয়েছে| এ উপলক্ষে ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-ইউসিসিএল সকাল সাড়ে ১০টার দিকে একটি র্যালি বের করে| র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউসিসিএল কার্যালয়ে এসে শেষ হয়|
পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
সূচনা বক্তব্য দেন— উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা মো. সবুজ আলী| অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভোলাহাট ইউসিসিএল লিমিটেডের সভাপতি মো. মিজানুর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, সমবায় প্রতিনিধি আব্দুল মালেক|